নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার কেরাণীগঞ্জে ১২ বছর আগে সাত বছরের এক শিশুকে অপহরণের মামলায় ইমাম হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার ঢাকার চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ১৫ অক্টোবর কেরাণীগঞ্জের খেজুরবাগ নূরবাগ হাই স্কুলের সামনে থেকে সাত বছরের শিশুটিকে মেলা দেখানোর কথা বলে নদীর পাড়ের দিকে নিয়ে যায় ইমাম হোসেনসহ কয়েকজন। পরে শিশুটিকে নারিকেলবাগের কাশবনে নেওয়া হলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং ইমাম হোসেনকে আটক করেন।
এ ঘটনায় শিশুটির বাবা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে ইমাম হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।