নিউজ প্রবাসী ডেক্স :
কলকাতার নিউ মার্কেটের কাছে একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজনই কুষ্টিয়ার একই পরিবারের সদস্য। এ ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলেন কুষ্টিয়া সদরের আরুয়াপাড়া মোহিনী মিল এলাকার দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের তিন বছর বয়সী সন্তান শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী (৬৪)। নিহত অপর বাংলাদেশি ঢাকার সাভারের আমিনবাজারের আহমেদ বাবু (৩)।
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন বুধবার নিহতদের পরিচয় নিশ্চিত করে। একই সঙ্গে আরও তিনজন নিহত ব্যক্তি বাংলাদেশি কি না, তা যাচাইয়ের কাজ চলছে বলে জানানো হয়েছে।
নিহত দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। চিকিৎসার জন্য গত ৩ আগস্ট স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে চেন্নাই যান তিনি। পরে সোমবার রাতে তারা কলকাতায় পৌঁছে একটি হোটেলে ওঠেন। বুধবার তাদের দেশে ফেরার কথা ছিল।
এর মধ্যেই মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের অংশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিচয় শনাক্তকরণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts