নিউজ প্রবাসী ডেক্স :
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সামরিক জোট ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সরকারের ইতিবাচক মনোভাব প্রকাশের পর বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, সামরিক জোটে যোগ দিলে বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে ভারতসহ চীন, যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের সমীকরণও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অন্য দেশগুলোর জন্যও জোটটি উন্মুক্ত রাখা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর সম্প্রতি জোটটিতে যোগ দেওয়ার বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাবের কথা জানান। তবে বিশ্লেষকেরা বলছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের সঙ্গে সম্পর্ক, রপ্তানি বাজার, প্রবাসী আয় এবং বৃহৎ শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক ভারসাম্যের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
এদিকে আগামী ২৭ আগস্ট জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির জরুরি মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। ফলে মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান আরও স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।