নিউজ প্রবাসী ডেক্স :
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮২৬ জন। নিখোঁজদের মধ্যে রয়েছেন নেপালের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৫ শতাধিক বিদেশি পর্যটক।
নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, চিতওয়ান জেলায় সবচেয়ে বেশি ১০৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়া নাওয়ালপরাসি ইস্ট, ধাদিং, গোরখা, রাসুয়াসহ বিভিন্ন জেলায় উদ্ধার হয়েছে আরও বহু মরদেহ।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ৮২৬ জনের মধ্যে ৬৪৪ জন পর্যটক। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক এবং ১২৭ জন নেপালি পর্যটক। বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি।
বুধবার নেপাল-তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ব্যাপক বরফ, পাথর ও মাটির ধস নদীতে পড়ার পর সৃষ্টি হয় এই ভয়াবহ আকস্মিক বন্যা। প্রবল স্রোতে বসতি, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকা, প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নিখোঁজদের সন্ধানে নেপালি সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।