নিউজ প্রবাসী ডেক্স :দারুস সালামে গৃহবধূ জেসমিন বেগম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র‌্যাব। প্রাথমিকভাবে জানালা দিয়ে অজ্ঞাত ব্যক্তির ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন বলে দাবি করা হলেও তদন্তে র‌্যাব বলছে, পারিবারিক কলহের সময় স্বামী আব্দুল মান্নানই তাকে গুলি করেন। শনিবার রাতে দারুস সালামের মাতবরবাড়ি মসজিদ গলি এলাকার নিজ বাসায় গুলিবিদ্ধ হন ৩৮ বছর বয়সী জেসমিন বেগম। গুলি তার ডান হাতের বাহুতে লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। ঘটনার পর তদন্তে নেমে র‌্যাব জেসমিনের স্বামী আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান, তাদের ছেলে রাকিব এবং রাকিবের বন্ধু হাতিম মিয়াকে গ্রেপ্তার করে। রোববার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় উত্তেজিত হয়ে মান্নান তার স্ত্রীকে গুলি করেন। র‌্যাবের তদন্তে আরও জানা গেছে, ঘটনার পর অস্ত্রটি নিজের ছেলে রাকিবের কাছে দেন মান্নান। পরে রাকিব সেটি তার বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের দাবি, অভিযুক্ত মান্নান মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তার কাছ থেকে ২১৫টি ইয়াবা উদ্ধারের কথাও জানিয়েছে বাহিনীটি। এ নিয়ে সংসারে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে আশপাশের লোকজনের কাছ থেকে তথ্য পেয়েছে র‌্যাব। প্রথমে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, জানালা খোলা রেখে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে দুর্বৃত্তের ছোড়া গুলিতে জেসমিন আহত হন। তবে র‌্যাব বলছে, ঘটনাটি বাইরে নয়, ঘরের ভেতরেই ঘটেছে এবং তদন্তে সেই ঘটনার ভিন্ন চিত্র উঠে এসেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts