নিউজ প্রবাসী ডেক্স :
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটদের সঙ্গে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটের কোম্পানীগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন বলে তার পরিবার জানিয়েছে। সোমবার রাতে রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মতিউর রহমান (২৫) কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জীবিকার উদ্দেশ্যে সৌদি আরবে যান তিনি। তার প্রায় সাড়ে তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন ধরে ঘুমানো ও রান্না নিয়ে মতিউরের সঙ্গে একই বাসায় থাকা রুমমেটদের বিরোধ চলছিল। সোমবার কাজ শেষে বাসায় ফেরার পর আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এক রুমমেট রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে মতিউরকে আঘাত করেন বলে পরিবারের অভিযোগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে তারা জানতে পেরেছে।
নিহতের ছোট ভাই সাইফুর রহমান জানান, মঙ্গলবার সকালে স্বজনদের মাধ্যমে তারা ভাইয়ের মৃত্যুর খবর পান। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনার পর একই কক্ষে থাকা কয়েকজন রুমমেট সেখান থেকে চলে যান। পরে একজন স্বজন মরদেহ দেখে স্থানীয় পুলিশকে খবর দেন।
মতিউরের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, রুমমেটদের সঙ্গে বিরোধের বিষয়টি কয়েক দিন আগেই মতিউর পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। সোমবার থেকে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে একই কক্ষে থাকা এক ব্যক্তির মাধ্যমে পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে।
এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, প্রবাসী যুবকের মৃত্যুর খবর তারা মৌখিকভাবে পেয়েছেন। তবে নিহতের পরিবার থানায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts