নিউজ প্রবাসী ডেক্স :

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে নতুন করে ধস দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ভাঙনের কারণে ওই এলাকার বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় সড়ক ঝুঁকির মধ্যে পড়েছে। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধসে যাওয়া বাঁধের পাশ দিয়ে প্রবল স্রোতে নদীর পানি প্রবাহিত হচ্ছে। বাঁধের বিভিন্ন স্থানে বড় বড় ফাটলও দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও বড় অংশ নদীতে বিলীন হতে পারে।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম জানান, বৃহস্পতিবার রাতে বিকট শব্দে বাঁধের একটি অংশ ভেঙে নদীতে চলে যায়। এতে বাড়িঘর নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ভাঙনের খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা।
সংরক্ষিত আসনের সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক বলেন, ঝুঁকিপূর্ণ অংশটি জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, কাঁচকল কেডিওয়ারী এলাকার ৪ দশমিক ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ নদীতীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে ভাঙন সমস্যার সমাধান সম্ভব হবে।
তিনি বলেন, আপাতত ভাঙন ঠেকাতে ক্ষতিগ্রস্ত অংশে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts