নিউজ প্রবাসী ডেক্স :
সরকারি হাসপাতালের কাছাকাছি নতুন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনে বিধিনিষেধ আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না।
একই এলাকার মধ্যে থাকা বেসরকারি ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসা দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা থাকবে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর মাঠপর্যায়ে এ নির্দেশনা পাঠিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
এর আগে মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরকারি হাসপাতালের আশপাশে নতুন বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না দেওয়ার কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে যেসব ক্লিনিক চালু রয়েছে, সেগুলোর কার্যক্রমও তদারকির আওতায় আনা হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, উপজেলা পর্যায়ে সিভিল সার্জনের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যেসব ক্লিনিকে নিজস্ব চিকিৎসক, টেকনিশিয়ানসহ প্রয়োজনীয় জনবল নেই, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনার ফলে সরকারি হাসপাতালকেন্দ্রিক এলাকায় বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান স্থাপন ও সরকারি চিকিৎসকদের বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts