নিউজ প্রবাসী ডেক্স :

চলমান ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানিতে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে ইরাক। দেশটির নতুন তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানিয়েছেন, গত এপ্রিল মাসে হরমুজ প্রণালি ব্যবহার করে মাত্র ১ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করা সম্ভব হয়েছে, যেখানে যুদ্ধ শুরুর আগে মাসিক রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৯ কোটি ৩০ লাখ ব্যারেল।
শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। বীমা জটিলতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে তেলবাহী ট্যাংকারগুলো এই পথে চলাচল করতে চাইছে না। এতে শুধু ইরাক নয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের তেল রপ্তানিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বর্তমানে ইরাক দৈনিক প্রায় ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। তবে তুরস্কের জেহান বন্দরের মাধ্যমে বিকল্প রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তেলমন্ত্রী। বর্তমানে ওই রুটে দৈনিক ২ লাখ ব্যারেল তেল রপ্তানি হচ্ছে, যা ভবিষ্যতে ৫ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া ইরাকের তেল ও গ্যাস খাতে নতুন বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। ওপেকের সঙ্গে সমন্বয় করে দেশটির উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts