
নিউজ প্রবাসী ডেক্স :
প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, “একজন মানুষ মারা গেলে তার কোনো দল থাকে না,” তাই মানবিক ও নাগরিক দায়িত্ববোধ থেকেই তিনি জানাজায় উপস্থিত হয়েছেন।
শনিবার নগরীর লেডিস ক্লাবে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে মেয়র বলেন, একজন জনপ্রতিনিধি ও নগর সেবক হিসেবে মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানো তার দায়িত্বের মধ্যেই পড়ে।
তিনি আরও বলেন, ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান দেওয়া উচিত নয়। জানাজা শেষে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগান দেওয়ার বিষয়টি উল্লেখ করে শাহাদাত হোসেন বলেন, “জানাজা শেষে কালেমা পাঠ করা উচিত ছিল, দলীয় স্লোগান নয়। এতে অনুষ্ঠানটির ধর্মীয় পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়েছে।”
মেয়র শাহাদাত ধর্ম ও রাজনীতিকে আলাদা রাখার আহ্বান জানিয়ে বলেন, “ধর্মকে ধর্মের জায়গায় এবং রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে। এই দুই বিষয়কে মিশিয়ে ফেলা ঠিক নয়।”
বৃহস্পতিবার চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। পরে জানাজা শেষে মিছিল ও স্লোগানকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।