নিউজ প্রবাসী ডেক্স : ॥
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর কথিত মন্তব্যের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন। মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এর আগে দুপুরে একই স্থানে অবরোধ কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন। পরে সেখান থেকে ফিরে পুনরায় সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের নিয়ে করা কথিত মন্তব্য তাদের ক্ষুব্ধ করেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তারা পরে আলোচনা না করেই সরে যান।
শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।