নিউজ প্রবাসী ডেক্স:

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের শুরুতেই ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর ঊর্ধ্বমুখী হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় মঙ্গলবার রাত ১টা ৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআইয়ের দামও ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৯৩ সেন্টে দাঁড়ায়।

এর আগের দিন সোমবার অবশ্য আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪ ডলার ৭৭ সেন্টে নেমে আসে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের কয়েকজন এ অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

কেশম দ্বীপে হামলার খবরের পর তেলের বাজারে নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts