নিউজ প্রবাসী ডেক্স :
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি নিরাপত্তা চেকপোস্টে আত্মঘাতী গাড়িবোমা হামলার পর আহতদের উদ্ধারে যাওয়া অ্যাম্বুলেন্সেও গুলি চালিয়েছে বন্দুকধারীরা। দুটি হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
দারাজিন্দা এলাকার আমান মেলা চেকপোস্টে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ১২ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিস্ফোরণে চেকপোস্টের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।
হামলার পর উদ্ধারকর্মীরা হতাহতদের হাসপাতালে নেওয়ার কাজ শুরু করেন। এ সময় একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। এতে উদ্ধারকর্মী নিহত ও আরও একজন আহত হওয়ার কথা স্থানীয় সূত্রে জানা গেছে। অন্য একটি প্রতিবেদনে দুই উদ্ধারকর্মী নিহত হওয়ার তথ্যও এসেছে।
ডেরা ইসমাইল খান-সংলগ্ন এলাকায় হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল কাজ করে এবং হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে দেশটিতে জঙ্গি হামলার জন্য টিটিপিকে দায়ী করে আসছে।
এদিকে হামলার ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে থাকা টিটিপি সদস্যরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts