নিউজ প্রবাসী ডেক্স :
পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুদ ও বিপণন বেসরকারি খাতে দেওয়ার সরকারি উদ্যোগের বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এ উদ্যোগ বাস্তবায়ন হলে রাষ্ট্রীয় একচেটিয়া ব্যবস্থা ভেঙে বেসরকারি গোষ্ঠীর একচেটিয়া প্রভাব তৈরি হতে পারে।
শনিবার বিকেলে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রস্তাবিত জ্বালানি নীতিমালা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি খাত সংস্কারের পরিবর্তে এর নিয়ন্ত্রণ বেসরকারি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষকেই শেষ পর্যন্ত অতিরিক্ত খরচের বোঝা বহন করতে হতে পারে।
তিনি বলেন, পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনে বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার আগে সরকারের উচিত সংশ্লিষ্ট নীতিমালা ও সব নথি প্রকাশ করা এবং জনমত নেওয়া।
জামায়াতের এই নেতা বলেন, গভীর সমুদ্রবন্দর, সিঙ্গেল পয়েন্ট মুরিং, বড় ট্যাংক টার্মিনাল, পাইপলাইন ও বিপুল অর্থায়নের সক্ষমতা প্রয়োজন হওয়ায় বাস্তবে অল্প কয়েকটি বড় শিল্পগোষ্ঠীই এ ব্যবসায় প্রবেশের সুযোগ পাবে। ফলে প্রতিযোগিতার পরিবর্তে সিন্ডিকেট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতা কাজে লাগানোর লক্ষ্যে নীতিমালার খসড়া তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে নীতিমালাটি চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
তবে জামায়াতের দাবি, বেসরকারিকরণের পরিবর্তে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির সংস্কার, স্বাধীন নিরীক্ষা, পেশাদার পরিচালনা পর্ষদ এবং ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া নীতিমালা নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির অধীনে উন্মুক্ত শুনানি, আমদানি মূল্য ও পরিমাণ নিয়মিত প্রকাশ, ই-জিপি বাধ্যতামূলক করা এবং ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট ও কৌশলগত জ্বালানি মজুদ সক্ষমতা দ্রুত বাড়ানোর দাবি জানিয়েছে দলটি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি নিরাপত্তার নামে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া উচিত নয়। বাজারে বেসরকারি বিনিয়োগের বিরোধিতা নয়, বরং জবাবদিহিতাহীনভাবে নিয়ন্ত্রণ হস্তান্তরের বিরোধিতা করছে জামায়াত।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts