নিউজ প্রবাসী ডেক্স :
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় করার কথিত ‘গোপন তৎপরতায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে রয়েছেন বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন এবং আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ইকরামুল হক।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেদনে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষককে কথিত গোপন তৎপরতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জনের নাম উল্লেখ করা হলেও এখন পর্যন্ত ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে।
তবে কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম জানিয়েছেন, শিক্ষকদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি; বিষয়টি শুধু খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে।
কমিটি অভিযোগের বিষয় যাচাই করে প্রয়োজনীয় করণীয় ও সুপারিশ দেবে। এর আগে চট্টগ্রাম, জগন্নাথ, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়েও একই ধরনের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts