নিউজ প্রবাসী ডেক্স :
নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত, সম্ভাব্য ভোটকেন্দ্র নির্ধারণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতিমূলক কাজ অক্টোবরের মধ্যে শেষ করতে চায় কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন—স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে স্থানীয় নির্বাচনের উপযুক্ত সময় বিবেচনা করে সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ভোটের প্রস্তুতিমূলক কাজ, বাজেট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা পর্যালোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। অক্টোবরের মধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে কমিশনের।
ইসি সূত্র বলছে, স্থানীয় নির্বাচন ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে শুরু করার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে পৌরসভা দিয়ে শুরু করার সম্ভাবনাও রয়েছে। কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিতে ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হয়েছে। নির্বাচন পরিচালনা বিধি ও সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজও চলছে।
নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কাজ করছে ইসি। ইতোমধ্যে পুলিশ ও বিজিবির শীর্ষ কর্মকর্তারা নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেছেন।
এদিকে নতুন রাষ্ট্রপতির সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতিকে কমিশনের কার্যক্রম ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts