নিউজ প্রবাসী ডেক্স :
বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্য সামনে রেখে জনবল সংকট কাটাতে প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থাপনায় জোর দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর।
চলতি অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের আদায়ের চেয়ে প্রায় ৪৫ শতাংশ বেশি। অথচ আয়কর বিভাগেই অনুমোদিত ১২ হাজার ৭৬৪টি পদের মধ্যে ৪ হাজার ৫৫২টি পদ শূন্য রয়েছে।
এই সংকটের মধ্যে করজাল বাড়াতে কর্মকর্তা-নির্ভর প্রচলিত জরিপের বদলে ডিজিটাল পদ্ধতিতে সম্ভাব্য করদাতা শনাক্ত করার পরিকল্পনা করছে এনবিআর। ব্যাংক লেনদেন, জমি-ফ্ল্যাট, গাড়ি, ব্যবসা, আমদানি-রপ্তানি, শেয়ারবাজার ও বিদেশ ভ্রমণের তথ্য মিলিয়ে করদাতার অর্থনৈতিক কর্মকাণ্ডের পূর্ণ চিত্র তৈরি করা হবে।
আয় ও সম্পদের মধ্যে অসামঞ্জস্য থাকলে ঝুঁকিপূর্ণ করদাতা হিসেবে শনাক্ত করার পাশাপাশি আয়কর, ভ্যাট ও কাস্টমসের তথ্য এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনাও রয়েছে।
এনবিআর বলছে, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কর কর্মকর্তা ও করদাতার সরাসরি যোগাযোগ কমানো গেলে সেবা সহজ হওয়ার পাশাপাশি দুর্নীতির সুযোগও কমবে।