নিউজ প্রবাসী ডেক্স :

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাজেটের পরিবর্তে দীর্ঘ সময় ব্যক্তিগত ও স্থানীয় বিভিন্ন বিষয় তুলে ধরায় বিএনপির সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুকে থামিয়ে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার সংসদ অধিবেশনে বাজেট আলোচনার প্রথম বক্তা হিসেবে বক্তব্য দেন সুলতান মাহমুদ বাবু। নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রথমে ধর্মীয় উদ্ধৃতি দেন এবং পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেন। এরপর নিজ নির্বাচনি এলাকার বিদ্যুৎ সংকট, কৃষকদের দুর্ভোগ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।
এক পর্যায়ে তিনি আরও সময় চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হস্তক্ষেপ করে বলেন, “আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই। দুই মিনিটে আপনার বক্তব্য শেষ করেন।”
স্পিকারের এ মন্তব্যের পর সুলতান মাহমুদ বাবু বলেন, তার এলাকার মানুষ উন্নয়ন প্রত্যাশা করে এবং সুযোগ পেলে তিনি তাদের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরবেন। পরে তিনি বক্তব্য শেষ করেন।
এদিকে অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উত্থাপিত দুটি বিশেষ অধিকার নোটিসের বিষয়ে সিদ্ধান্ত জানান স্পিকার। রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ টেলিভিশনের পর্দায় বক্তার নাম ও নির্বাচনি এলাকা প্রদর্শনের প্রস্তাব দিলে স্পিকার বিষয়টিকে যৌক্তিক উল্লেখ করে সংসদ সচিবালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
অন্যদিকে শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, ছাদ চুঁইয়ে পানি পড়া এবং অবকাঠামোগত ত্রুটির বিষয়টি তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান। স্পিকার এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
তবে উভয় নোটিসই বিশেষ অধিকার লঙ্ঘনের আওতায় না পড়ায় কার্যপ্রণালী বিধি অনুযায়ী গ্রহণ করা হয়নি বলে জানান স্পিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts