নিউজ প্রবাসী ডেক্স:
যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে কভার্ড ভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (৩০) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।
নাভারন হাইওয়ে থানার পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে কভার্ড ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এ সময় কভার্ড ভ্যানটি মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় কভার্ড ভ্যানে থাকা চালকের সহকারী আরিফ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত আরিফের অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।
নাভারন হাইওয়ে থানার এসআই আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।