
নিউজ প্রবাসী ডেক্স :
প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় কয়েক হাজার কোটি টাকার অর্থ আত্মসাত ও অনিয়মের ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের কিছু অসাধু ব্যক্তিই জড়িত বলে অভিযোগ করেছেন ২৬টি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা।
শনিবার রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা দাবি করেন, তাদের প্রতিষ্ঠানের নামে ভুয়া হিসাব খুলে ব্যাংক কর্মকর্তারাই অবৈধ লেনদেন করেছেন। এ ঘটনায় ব্যবসায়ীদের কোনো সম্পৃক্ততা নেই বলেও তারা জানান।
ব্যবসায়ীদের অভিযোগ, ২০১৭ সাল থেকে জাল কাগজপত্র ব্যবহার করে ভুয়া রপ্তানি বিলের বিপরীতে একাধিক ব্যাক-টু-ব্যাক এলসি খোলা হয় এবং সেই মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা লেনদেন করা হয়েছে। এসব কার্যক্রম ব্যাংকের কিছু কর্মকর্তা নিজেদের স্বার্থে পরিচালনা করেছেন বলে দাবি তাদের।
সংবাদ সম্মেলনে ডয়েস ল্যান্ড অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান বলেন, প্রতিষ্ঠানের অনুমোদিত ঋণসীমার চেয়ে কয়েকগুণ বেশি দায় দেখানো হয়েছে, যা সম্পূর্ণ অস্বাভাবিক। ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এটি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ২৬ প্রতিষ্ঠানের হিসাব ফ্রিজ করায় কারখানাগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। এতে হাজারো শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন বলেও তারা উল্লেখ করেন।
ব্যবসায়ীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করা এবং তাদের প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব লেনদেনের তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।