নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ও হাম রোগীদের পাশাপাশি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়ায় সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত রোগীর চাপের কারণে বাধ্য হয়েই এমন ব্যবস্থায় চিকিৎসা দিতে হচ্ছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত সেখানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৯০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ভর্তি রয়েছেন ২৪৪ জন। অথচ ডেঙ্গুর জন্য বরাদ্দ শয্যা মাত্র ১৪০টি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন ৭৭ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় ডেঙ্গু ও হাম রোগীদের যতটা সম্ভব আলাদা রাখা প্রয়োজন। পাশাপাশি রাখলে অন্যদের মধ্যে হাম ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষিত নমুনায় এবার ডেঙ্গুর ডিইএনভি-৩ সেরোটাইপের আধিক্য দেখা যাচ্ছে।