
নিউজ প্রবাসী ডেক্স :
পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে, যাদের অধিকাংশের বয়স ৯ বছরেরও কম।
উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপ থেকে হতাহত শিশুদের পাশাপাশি ৩০ বছর বয়সী এক নারী শিক্ষককে উদ্ধার করা হয়। ঘটনার সময় কোচিং সেন্টারটিতে প্রায় ২২ জন শিশু ও ওই শিক্ষক উপস্থিত ছিলেন।
পাঞ্জাব প্রদেশের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহত শিক্ষক ও আট শিশুকে লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ শিশুর অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কোচিং সেন্টারটি নিবন্ধনহীন ছিল এবং একটি ব্যক্তিমালিকানাধীন আবাসিক ভবনের জরাজীর্ণ ছাদের নিচে পরিচালিত হচ্ছিল।
পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজম বোখারি বলেন, তদন্তে অবহেলা, অসতর্কতা বা আইন লঙ্ঘনের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বর্ষা মৌসুমের আগে ঝুঁকিপূর্ণ ভবনগুলো জরিপ এবং অনিবন্ধিত কোচিং সেন্টার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।