নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে। বাংলাদেশের করা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না, আদালতের প্রক্রিয়ায় তা যাচাই করা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ যে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, তার সঙ্গে ২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিও রয়েছে।
এদিকে শেখ হাসিনা নিজেই জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাংলাদেশে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে।
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, আদালত ঘোষিত সাজা কার্যকর করতে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে ফেরত দেওয়ার বিধান রয়েছে। তবে রাজনৈতিক প্রকৃতির অপরাধসহ কিছু ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগও রয়েছে।
হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে।