নিউজ প্রবাসী ডেক্স :
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশে কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকার বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানবিকতা দেখিয়েছে। বিভিন্ন উসকানি ও অশোভন আচরণের পরও সরকার ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেওয়ার সময় ব্যাপক জনসমাগম হয়েছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
সরকারের ছয় মাসের অন্যতম বড় সাফল্য হিসেবে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
মাহদী আমিন বলেন, বর্তমান সংসদ আগের সময়ের তুলনায় প্রাণবন্ত ছিল এবং সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে যুক্তিপূর্ণ আলোচনা ও সমালোচনায় অংশ নিয়েছেন।
তিনি আরও দাবি করেন, ১৬ বছরের শাসনামলের পর ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের কাজ চলছে। সব সমস্যার সমাধান অল্প সময়ে সম্ভব না হলেও সরকারের আন্তরিকতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার ঘাটতি নেই।