নিউজ প্রবাসী ডেক্স :
রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুই দেশের আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেইনের ক্রিভি রিহ শহরে রুশ হামলায় দেশটির বড় একটি ইস্পাত কারখানায় দুজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানাটির প্রধান উৎপাদন কেন্দ্র। কিইভে রুশ হামলায় জনপ্রিয় পোচাইনা বইয়ের বাজার আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেইনের ড্রোন হামলায় একটি আবাসিক এলাকায় পাঁচজন নিহত হয়েছেন। বেলগোরোদ ও মস্কোতেও হতাহতের খবর পাওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ইউক্রেইনের ৮২২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলা আরও তীব্র হওয়ার অভিযোগ তুলে মিত্রদের কাছে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন।
যুদ্ধক্ষেত্রে স্থল লড়াই অনেকটা স্থবির থাকলেও দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশের বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts